ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আমরা ১২ নভেম্বর থেকে শহীদ মিনার চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন করছি।
তারা আরো বলেন, আমাদের কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হবে। দরকার হলে আমরা লাশ হয়ে যাবো। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ সাগর বলেন, আমরা যদি এখানে লাশ হয়ে যাই তাহলে আমাদের লাশগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উপহার দিয়ে যাবো।
তিনি বলেন, এ কর্মসূচি পালন করতে গিয়ে রোববার সালমান, সাইফ, রিয়াজ ও নাহিয়ান নামে চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরো বলেন, আমরণ কর্মসূচিতে এ পর্যন্ত মোট ৩৬ জন আন্দোলনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণজাগরণ মঞ্চ, প্রগতিশীল ছাত্রজোট, গণতান্ত্রিক বাম মোর্চা, উদীচীসহ বিভিন্ন সংগঠন সমর্থন জানিয়েছে বলেও আন্দোলরত শিক্ষার্থীরা জানান।
এএইচ





