হরতালের কারণে এসএসসি ও সমমানের ২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ২২ ফেব্রুয়ারির পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার এবং ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা আগামী ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।
শনিবার বেলা ১২টায় শিক্ষামন্ত্রী তার ৫/হেয়ার রোডের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ওই দু’দিনে আট সাধারণ বোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডে মোট ৭৮টি পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিভিন্ন দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
এআর





