জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলে ছাত্রীদের রাত ১০ টার পর প্রবেশে ও বাইরে যেতে কড়াকড়ি আরোপের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন হলের ছাত্রীরা।
বুধবার রাত সাড়ে নয়টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত শেখ হাসিনা হলের সামনে এ বিক্ষোভ করেন ছাত্রীরা।
এর আগে ক্যাম্পাসের ছাত্রী হল ও ভিসির বাসভবনের সামনে দিয়ে ছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল শেখ হাসিনা হলের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছাত্রীরা অতি দ্রুত ১০ টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের নিয়ম বাতিলের দাবি জানান।
এসময় হলে ছাত্রীদের ৭৫% উপস্থিতি থাকার নিয়মও বাতিলের দাবি জানান। ছাত্রীদের এ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে ‘প্রগতিশীল ছাত্রজোট’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
ছাত্রজোটের সংগঠক ও ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি শাফাআত পারভেজ বলেন, ছাত্রীদের আন্দোলনকে সংহতি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। প্রশাসনের এ নিয়ম বাতিলের দাবিতে মিছিলও করেছে প্রগতিশীল ছাত্রজোট।
উল্লেখ্য, হল প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় কর্তৃক স্বাক্ষরিত এক লিখিত আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনিক নিয়ম অনুযায়ী হলের গেট রাত ১০টায় বন্ধ করা হবে। গেট বন্ধ হয়ে গেলে কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না।’
এমআর





