ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর আক্রমণে ঢাকা মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজের দুই শিক্ষক আহত হয়েছে।

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে দুপুর ২টার দিকে জাহানারা ইমাম হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক খাইরুল আলম বলেন, হাত পা ধরে মাফ চেয়েছিলাম তাও আমাকে ছাড়েনি বরং তারা আমাকে পিটিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুবেল রানা রাস্তার পাশে গাড়ি পার্কিং করে এবং কিছু না দেখেই গাড়ির দরজা খোলে এতে ডাক্তারদের চলন্ত গাড়িতে ধাক্কা লাগে।

দরজায় আঘাত লাগায় দরজাটি নষ্ট হয়ে যায় । এতে রুবেল ক্ষতি পূরণ দাবি করলে ডাক্তারদের সাথে কথা কাটাকাটি হয়। পরে রুবেল রানা তার বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানকে (৩৭তম আবর্তন) ডেকে এনে ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. রকিবুল আলম (নাক কান ও গলা বিশেষজ্ঞ) ও ময়মনসিংহ মেডিকেলের ডা. মো. খাইরুল আলমকে (কিডনী বিশেষজ্ঞ) বেধড়ক পিটিয়ে আহত করে।

আহত দুই ডাক্তারকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাটি মীমাংসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল রানাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এসে দুই চিকিৎসক আহত হওয়ায় আমরা মর্মাহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে আমরা আক্রমণকারী শিক্ষার্থী রুবেল রানাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ