হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয়ক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- কাজল, অন্তু, জেমী, রানা, জাহিদ। তারা ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয় কর্মচারী বলে জানা গেছে।

পরে সংঘর্ষের ঘটনায় সুষ্টু বিচার ও উপাচার্যের প্রত্যাহারের দাবিতে বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগকর্মীরা। এতে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করার খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে পৌঁছে সুষ্টু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পরে বিকাল পৌনে ৪টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে কর্মচারীরা এক বৈঠকে বসে। দুপুর ১২ টার দিকে বৈঠক চলাকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়সহ ছাত্রলীগের নেতাকর্মীরা অডিটরিয়ামে গিয়ে কেন বৈঠক করা হচ্ছে জানতে চায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাজল, অন্তু, জেমী, রানা, জাহিদসহ উভয়পক্ষের ৫ জন আহত হয় বলে দাবি করেছে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপকক্ষ।

গত ৪ নভেম্বর বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার সময় একজনকে আটক করে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিপ্রবি কর্তৃপক্ষ ওই দিন বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে।

ওই দু’ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসির পদত্যাগের দাবিতে গত ১৭ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ফলে গত ৮ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচল ও কর্মচারীদের কাজে বাধা দেয়ার চেষ্টা করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জেআই