কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতার মুক্তির দাবীতে টানা ৬ষ্ঠ দিনের মত ধর্মঘট চলছে। ছাত্রলীগের একাংশের ডাকা ধর্মঘটে বন্ধ ক্লাশ ও পরীক্ষা।

গত শুক্রবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজকে স্থানীয় সালমানপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আটক করে র‌্যাব। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াসকে মুক্তি না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইলিয়াস মুক্তি পরিষদ।

ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ সভাপতি ইলিয়াস আটকের প্রতিবাদে ডাকা অবরোধে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। টানা ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছে হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানালেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ম অনুসারে ইলিয়াসকে আটক করেছে। অচিরেই বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান হয়ে নিয়মিত ক্লাশ ও পরীক্ষা চালু হবে।

অন্যদিকে ইলিয়াস মুক্তি পরিষদ দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছে ইলিয়াসের সমর্থকরা।

এসএইচ