রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যকরী সংসদ নির্বাচনে ১৫টি পদের সবগুলোতেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (আওয়ামী লীগ) হলুদ প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় নির্বাচন পরিচালক ড. সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদার ৫০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের (বিএনপি ও জাময়াতপন্থী) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. আফরাউজ জামান খান চৌধুরী পেয়েছেন ৩৯৯ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে। তিনি পেয়েছেন ৪৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম পেয়েছেন ৪৩৬ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুর্তজা খালেক (দীপু)। তিনি পেয়েছেন ৫১৭ ভোট। কোষাধ্যক্ষ পদে জয়লাভ করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম হাবিবুর রহমান। তিনিও পেয়েছেন ৫১৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মশিহুর রহমান। তিনি পেয়েছেন ৫১৪ ভোট।
এছাড়া নির্বাচনে কার্যকরী পরিষদের নির্বাচিত ১০টি সদস্য হলেন,সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. কেএম রবিউল করিম (৫১৯ ভোট),মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এনায়েত হোসেন (৫০১ ভোট),উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফেরদৌসী মহল (৫১০ ভোট), জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. আশাদুল ইসলাম (৫১০ ভোট),ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের শিক্ষক ড. মোহাম্মদ নাজিমুল হক (৪৭১ভোট),পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার (৪৬৪ ভোট),  ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আতোয়ার রহমান (৪৯৩ ভোট),ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. রুবাইয়াত ইয়াসমিন (৫১৯ ভোট),ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আশরাফ উজ জামান (৪৮২ ভোট) ও চারুকলা বিভাগের অধ্যাপক গোলাম ফারুক (৪৫৮ ভোট)।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন,‘নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের ‘হলুদ প্যানেল’,বিএনপি ও জামায়তপন্থী শিক্ষকদের ‘সাদা দল’ অংশ নেয়। নির্বাচনে ১১৮৩ জন ভোটারের মধ্যে ৯৬৯ জন তাঁদের ভোটাধিকার প্রযোগ করেছেন।’ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদার বলেন, ‘আমাকে নির্বাচিত করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। নির্বাচিত কমিটির প্রথম কাজ হবে বন্ধ বিশ্ববিদ্যালয়টিকে দ্রুত খোলার ব্যবস্থা করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পঠন,পাঠন ও গবেষণা কর্মকাণ্ড আরো গতি আনতে আমরা কাজ করে যাব।’
[b]ঢাকা,২৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]