কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ভর্তির আবেদনের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তবে পূর্ব ঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ (১২ ও ১৩ ডিসেম্বর) অপরিবর্তিত থাকবে। ঘোষিত নতুন তারিখ অনুযায়ী ভর্তির আবেদন আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৩৬তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, অনিবার্য কারণে ১ম বর্ষে ভর্তির আবেদনের তারিখ কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে। এ বছর ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭টি বিভাগে মোট ৮০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
এ ক্ষেত্রে টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cou.ac.bd) থেকে জানানো হবে বলে জানান তিনি।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





