গত শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে শাহ আলম মণ্ডলের আপন মানুষ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন পরীমনি। ছবিটি ও অন্যান্য কাজের ব্যাপারে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই নায়িকা।
‘আপন মানুষ’ ছবিটি মুক্তির আগে প্রচারণায় তেমন একটা দেখা যায়নি আপনাকে। কেন?

এ পর্যন্ত আমার যত ছবি মুক্তি পেয়েছে, মুক্তির আগে সব ছবিরই প্রচারণা চালিয়েছি। এবার আমার নানাভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ওই সময়টা আমি নানাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরও যতটুকু সময় পেয়েছি, মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছি। তা ছাড়া নিজের ফেসবুকেও প্রচার করেছি, এখনো করছি।

কেমন সাড়া পাচ্ছেন?

৯১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। শুনেছি, মুক্তির প্রথম দিন প্রায় সব প্রেক্ষাগৃহই দর্শকপূর্ণ ছিল। আজ (শনিবার) বিকেল পর্যন্তও পরিবেশকের কাছ থেকে ছবির ভালো খবর পাচ্ছি।

নিজে ছবিটি দেখতে গেছেন?

হ্যাঁ। প্রথম দিনই গোপনে বোরকা পরে বান্ধবীদের সঙ্গে মধুমিতায় গিয়েছিলাম। সন্ধ্যা ছয়টার শো দেখেছি। দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি দেখেছি, অবশ্য দর্শকেরা বুঝতে পারেননি। মজার ব্যাপার হলো, ব্ল্যাকে টিকিট কাটতে হয়েছিল আমাদের।

শুরুর দিকে অনেক ছবি ছিল আপনার হাতে। এখন নেই কেন?

শুরুর দিকে সব ধরনের ছবিতেই কাজ করেছি। কিন্তু একটা সময় মনে হয়েছে, এভাবে কাজ করা যাবে না। কিছু ভালো, কিছু মনে রাখার মতো কাজ করতে হবে। গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল ছবিতে কাজ শুরু করার পর থেকে আমার এমন মনে হয়েছে। স্বপ্নজাল-এর পর শেষ করেছি মালেক আফসারির অন্তরজ্বালা। বছরে চার-পাঁচটি ছবি করলেও ভালো গল্প, চরিত্রের ছবিতে কাজ করতে চাই।

‘স্বপ্নজাল’ মুক্তি পাবে কবে?

ছবির কাজ শেষ। এখন নেপথ্য সংগীতের কাজ চলছে। পরিচালকের কাছ থেকে শুনেছি, জুলাই মাসে সেন্সরে জমা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি।