আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে বর্তমান সভাপতি শাকিব খান কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে লড়বেন।
এক নম্বর কার্যনির্বাহী সদস্য (ইসি) পদটির বিশেষত্ব হচ্ছে, সভাপতির অনুপস্থিতিতে ওই সদস্য সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পান। এছাড়া সভাপতি চাইলে তার ক্ষমতা ওই এক নম্বর ইসির কাছে হস্তান্তর করতে পারেন।
সূত্র জানায়,প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সমর্থিত একটি প্যানেল থেকে শাকিব নির্বচন করবেন। এ প্যানেল থেকে সম্ভাব্য সভাপতি পদে নাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে অমিত হাসানকে দেখা যেতে পারে।
এদিকে শাকিব জানিয়েছিলেন ২০১৭-১৮ মেয়াদে তিনি আর শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু হঠাৎ তার নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জনে নড়েচড়ে বসেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অন্য প্যানেলগুলো।
নির্বাচনে অংশ নেয়া বাকি দুটি প্যানেলের একটি ওমর সানি-ফেরদৌস এবং অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান। দুটি প্যানেলই নির্বাচনে জয়ী হতে আঁকছে নীলনকশা।
এদিকে শাকিবকে ঠেকাতে ওমর সানি-ফেরদৌস প্যানেল থেকে শাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে শাবনুর এবং মিশা-সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে রিয়াজ কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে লড়াইয়ে নামতে পারেন বলে জানিয়েছে দুই প্যানেল থেকেই নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য।
বর্তমানে শাকিব খান যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তবে জানা গেছে, আজ রোববার তিনি দেশে ফিরবেন। এরপর শিগগিরই তিনি চূড়ান্ত ঘোষণা দেবেন।
এছাড়া আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনেও অংশ নেয়ার কথা ভাবছেন শাকিব খান।
নাজিব





