হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী অ্যাশলে জাড মাত্র সাত বছর বয়সেই শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। শুধু তা-ই নয়, ১৪ বছর বয়সে ধর্ষণেরও শিকার হয়েছিলেন। পরে আরও একবার ধর্ষণের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে।

আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লি সফরকালে নারীদের যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের জীবনের এই বেদনাদায়ক সময়ের কথা বলেন ৪৮ বছর বয়সী অভিনেত্রী অ্যাশলে জাড। ‘ওয়ার্ল্ড কংগ্রেস অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লোয়টেশন অব ওমেন অ্যান্ড গার্লস ইন নিউ দিল্লি’ শীর্ষক এক সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন।

অ্যাশলে জাড বলেন, ‘মাত্র সাত বছর বয়সে আমি শ্লীলতাহানি ও ১৪ বছর বয়সে ধর্ষণের শিকার হই। পরে ১৯৯৮ সালে আমি আবারও ধর্ষণের শিকার হই। আমি যে পাচারের শিকার হইনি, এটাই বিস্ময়।’ পাঁচ মিনিটের দেওয়া বক্তব্যে তিনি মেয়েদের যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অভিনেত্রী অ্যাশলে জাড আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক ব্যক্তি আমাকে যৌন নির্যাতন করেন। তিনি আমাকে ইন্ডাস্ট্রিতে গ্রুম করেছিলেন। যদিও গ্রুমিং শব্দটা টেকনিক্যাল। পরে হোটেলের কক্ষে খাবারের জন্য ডেকে যৌন নির্যাতন করেছিলেন। সেটা আমার জন্য খুবই ভীতিকর একটা মুহূর্ত ছিল।’ পরে তিনি বলেন, ওই ব্যক্তির কাছে আরও এক জনপ্রিয় অভিনেত্রী একই কায়দায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন। যার নাম তিনি বলেননি।

এই অভিনেত্রী দাবি করে বলেন, শুধু নারী হওয়ার কারণে অভিনয়জীবনে পুরুষ সহকর্মীদের চেয়ে অন্তত ৪০ শতাংশ আয় কম হয়েছে তাঁর। তাঁর নিজের দেশ যুক্তরাষ্ট্রেও লিঙ্গবৈষম্যের শিকার হতে হয়। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নীতির প্রকাশ্যে বিরোধিতা করেন।

এর আগেও বেশ কয়েকজন তারকা যৌন নির্যাতনের শিকার হওয়ার বেদনাদায়ক মুহূর্তের কথা স্বীকার করেছেন। জীবনের প্রথম চলচ্চিত্র ‘আনজানা সফর’-এ অভিনয় করতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী রেখা। ৪৪ বছর আগের চলচ্চিত্র ‘লাস্ট ট্যাংগো ইন প্যারিস’-এর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি নিজেকে ধর্ষিতা মনে করেছিলেন নায়িকা মারিয়া স্নাইদার। পুরোনো একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মারিয়া এ কথা বলেছিলেন। এ ছাড়া বলিউড অভিনেত্রী সোনম কাপুরও ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে সম্প্রতি জানা গেছে।

জারিফ