ছাড়পত্র পেয়েছে সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম ‘ন ডরাই’। মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ২৫ নভেম্বর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সকে সনদ পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেজবাহ উদ্দিন আহমেদ। এর ফলে ২৯ নভেম্বর মুক্তিতে ছবিটির আর কোনও বাধা থাকল না।সেন্সর বোর্ড এর আগে সিনেমাটির কিছু সংলাপ নিয়ে আপত্তি তুলেছিল। সেগুলো সংশোধন করে এটি সেন্সর পেলো।

এদিকে বোর্ডে সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণ নিয়ে বেশ প্রশংসা করছেন। বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘‘ন ডরাই’ খুবই ভালো চলচ্চিত্র। এমন একটি বিষয় নিয়ে ছবি নির্মাণ করা অনেক সাহসের বিষয়। নির্মাণের দিক থেকে এটি খুব ভালো চলচ্চিত্র।’’

তানিম রহমান অংশু পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল।

এমএম