কদিন আগেই প্রকাশ হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির নতুন একক অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’। জাহিদ আকবরের কথায় এ অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গত দু’মাসে বেশ কয়েকটি প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন এ সংগীত তারকা।

পাশাপাশি শো করেছেন কয়েকটি বড় মাপের। তবে ন্যান্‌সি ভক্তদের জন্য সুখবর হলো আসছে রোজার ঈদে আবারো নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এ শিল্পী।

ইতিমধ্যে সব কিছু পাকাপাকি হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে এ অ্যালবামটি প্রকাশ হবে। এ গানগুলোর কথা লিখছেন আহমেদ রিজভী। আর সুর ও সংগীতায়োজন করছেন একাধিক সুরকার ও সংগীত পরিচালক। তবে এবার একটু ভিন্নভাবে শ্রোতাদের সামনে আসবেন ন্যান্‌সি। সেরকম করেই অ্যালবামের গানগুলো সাজাচ্ছেন।

এ বিষয়ে তিনি বলেন, সর্বশেষ ইমন চৌধুরীর সুরে অ্যালবাম করে বেশ ভালো লেগেছে। তবে এবার একটু ভিন্নভাবে অ্যালবামটি করা হবে। অ্যালবামের গীতিকার ও আয়োজক আহমেদ রিজভী ভাইও তেমনটাই বলেছেন। আশা করছি ভালো কিছুই হবে। এদিকে ন্যান্‌সি এতদিন ময়মনসিংহে থাকলেও বর্তমানে মোহাম্মদপুরে নিজের নতুন ভাড়া করা বাসায় উঠেছেন।


দুই মেয়ের পড়াশোনা ও যত্নআত্তি এবং সংসারের কাজকর্মের বাইরের সময়টুকু গানে দেয়ার চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে বলেন, একজন মা হিসেবে আমার কাছে প্রথম হলো সন্তানদের প্রতি দায়িত্ব। এটা আমি শতভাগ পালন করতে চাই। কারণ ওদের কাছ থেকে কোনো অভিযোগ যেন না পাই ভবিষ্যতে। এ ব্যাপারে আমি সচেতন। সংসারের বাইরের সময়টা টাইম মেইনটেইন করে গানে দিচ্ছি। এভাবেই চলে যাচ্ছে সময়।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ