বেলাল খান ও পূজাসুন্দরবনের একেবারে ভেতরে ঝড়-বৃষ্টি-রোদ। সেসবের মধ্যেই দৃশ্যধারণ করা হলো একটি গানের। সেই গান নিয়ে শিগগিরই আসছেন কণ্ঠশিল্পী পূজা ও বেলাল খান। ভিডিও নির্মাণ করা সেই গানটির শিরোনাম ‘অবুঝ পাখি’।

ঈদুল ফিতরে বেরিয়েছিল পূজার চতুর্থ একক অডিও অ্যালবাম ‘অবুঝ পাখি’। এবারে সেই অ্যালবামের টাইটেল গান ‘অবুঝ পাখি’ নিয়েই নির্মিত হলো ভিডিও। সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায় দুই দিন ধরে গানটির জন্য দৃশ্যধারণ করা হয়। এ জন্য অনেক ঝুঁকি নিতে হয়েছে জানিয়ে পূজা বলেন, ‘আমরা ট্রলারে করে বনের বেশ ভেতরের দিকে গিয়েছিলাম।

৩ নম্বর বিপৎ​সংকেত চলছিল তখন। তা ছাড়া যে জায়গাটিতে শুটিং করা হয়েছে, সেখানে জলদস্যুরও ভয় ছিল।’ ভিডিওটি নিয়ে পূজা বললেন, ‘কাজটা গতানুগতিক নয়। একবারেই ব্যতিক্রম। গানটির কিছু অংশে সাঁওতালদের ভাষা ব্যবহার করা হয়েছে। গানের ভেতরে আছে একটি চমৎকার গল্প।’

পূজার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। ভিডিওতে দেখা যাবে একটি মেয়েকে গভীর জঙ্গলে আটকে রেখেছে একদল ডাকাত। আর দুই কণ্ঠশিল্পীকে দেখা যাবে ডাকাতের ভূমিকায়। গানের অন্য দুই মডেল হলেন নওশাবা ও অন্তু। ভিডিওটির পরিচালক শাহরিয়ার পলক জানান, শুটিংয়ে ৪০ জনের একটা দল কাজ করেছে। ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান।
আগামী ঈদে ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে একই সঙ্গে মুক্তি পাবে ‘অবুঝ পাখি’ গানের ভিডিওটি।

এসএ