৩ বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে তাদের। কিন্তু সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান দুজনের মাঝে। হয়তো সে সূত্রেই আবার এক ছাদের নিচে বাস করতে চলেছেন তারা।

বলা হচ্ছে, বলিউড তারকা হৃতিক রোশন ও তার সাবেক স্ত্রী সুজান খানের কথা। বৈবাহিক সম্পর্ক এখন তাদের নেই। তবে ছেলেদের কথা চিন্তা করে প্রায়ই একসঙ্গে বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাদের। বন্ধুর মতোই মিশে আছেন দুজন। শুধু তাই নয়, দুই ছেলেকে নিয়ে দেশের বাইরে বেড়াতেও যান হৃতিক-সুজান। সম্প্রতি অক্ষয় কুমার ও টুইঙ্কেলের সঙ্গে বিদেশ ভ্রমনে দেখা মিলেছেন দুজনকে।

এসব দেখেই মূলত নতুন করে জল্পনার বাসা বেঁধেছে সবার মাঝে। কেউ কেউ বলছেন সুজানের কাছেই ফিরতে চলেছেন সুপার হিরো খ্যাত এ অভিনেতা। এ বিষয়ে অবশ্য হৃতিকও মুখ খুলেছেন মিডিয়াতে। আবার কি সুজানের কাছেই ফিরবেন তিনি? জানতে চাইলে তিনি বলেন, আমি আর সুজান সত্যিই খুব ভালো বন্ধু। আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের যত্ন নিই ব্যাস, এটুকুই।

এখানেই শেষ নয়, হৃতিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাবিল’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন সুজান। সে ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। হৃতিকের ভাল অভিনয়ের প্রশংসা করে মিডিয়ার সামনে মুখও খোলেন তার সাবেক স্ত্রী। জুনিয়র রোশনের এমন বক্তব্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, সুজানকে নিয়ে আবারো এক ছাদের নিচে বাস করার পরিকল্পনা করছেন হৃতিক।

মাহমুদ