বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন পর্ন তারকা সানি লিওনে মজেছে সরকার! সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে এমনটাই সমালোচনার ঝড় চলছে। কারণ রাজ্য সরকারের চাকরির নিয়োগের তালিকায় রয়েছে সানি লিওনের নাম।

সে কী! অবাক হয়ে প্রশ্ন তুললেও, সত্যি। তালিকা দেখতে গিয়ে স্পষ্ট চোখে পড়ছে প্যানেলে জ্বলজ্বল করে থাকা এই প্রাক্তন পর্ন তারকার নাম।

ভারতের লোকসভা ভোটের সময়ে সাংবাদিক অর্ণব গোস্বামী গুরদাসপুরের বিজেপিপ্রার্থী অভিনেতা সানি দেওলের নাম নিতে গিয়ে সানি লিওনের নাম নিয়েছিলেন। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠে।

চূড়ান্ত প্যানেলে খালি চোখেই ধরা পড়ছে একাধিক ভুল। আর সেই তালিকাতেই নাম রয়েছে সানি লিওনের। যেই কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। প্যানেলে কীভাবে সাবেক ওই পর্ন তারকার নাম আসে, তাই নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। শুধু সানির নামই নয়, রয়েছে গোলযোগ।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের ফেসিলিটি ম্যানেজারের পদে (গ্রেড ৩) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দেশটির স্বাস্থ্য দপ্তর। বলা হয়েছিল শূন্য পদ আটশ ১৯ টি। বেতন ধরা হয়েছিল সাত হাজার একশ থেকে ৩৭ হাজার ছয়শ রূপি। আবেদনকারীদের বয়সসীমা ছিলো ৩৯ বছর। যোগ্যতা হিসেবে স্নাতক প্রার্থী চাওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে সাধারণ ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ছিলো একশ ৬০ রূপি। কিন্তু তফশিলি জাতি উপজাতিদের কোনো ফি ছিলো না। অনলাইনে প্রায় তিন লাখ আবেদনকারী এই আবেদন করেছিলেন। উচ্চমাধ্যমিক এবং স্নাতকের ফলের ভিত্তিতে প্রার্থী বাছাই করে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই নিয়োগের পরীক্ষায় তফশিলি উপজাতি তালিকায় নয়শ ৮০ জনকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। সেই তালিকায় ১৯ নম্বরে স্থান পেয়েছেন সানি। এখানেই শেষ নয়, তালিকায় কারো নাম হাই কিংবা হ্যালো। বাবার নাম হিসেবে দেওয়া হয়েছে হাইবাবু।

এই তালিকায় প্রাপ্ত নম্বরও আকাশ ছোঁয়া। কেউ পেয়েছে ৯৬ শতাংশ, কেউবা ৯৮ শতাংশ। এই ঘটনা আলোচনায় আসলে তালিকা প্রত্যাহার করে নেয় ভারতের স্বাস্থ্য দপ্তর।

এএস