অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তার বাবাকে ভর্তি করা হয়েছে।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, “দুদিন ধরে আব্বার শরীরটা খারাপ। আজ একটু বেশি। তাই হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসক বলেছেন, আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে উনার শরীরের পুরো অবস্থা জানাবেন ডাক্তার।”
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কোয়েল।
আজগর আলী হাসপাতালের ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে এটিএম শামসুজ্জামানের চিকিৎসা চলছে।
এর আগেও কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন এটিএম শামসুজ্জামান।
এমবি





