নারায়ণগঞ্জে শ্যূটিং চলাকালে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের গাড়ির গ্লাস ভেঙ্গে নগদ টাকা ও ঘড়ি চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে জীবন বীমা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জীবন বীমা ভবনে বাংলাদেশের আলোচিত লেখক হুমায়ূন আহমেদের 'অনিল বাগচির একদিন' উপন্যাসের আলোকে তৈরি হওয়া চলচিত্রের শ্যূটিং চলছে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'অনিল বাগচির একদিন' এর আলোকে ছবিটি নির্মাণ করছেন জনপ্রিয় চলচিত্রকার মোরশেদুল ইসলাম। তার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন নিউজ নারায়ণগঞ্জ ডটকমের এডিটর ইন চিফ শাহজাহান শামীম।

ঘটনা প্রসঙ্গে শাহজাহান শামীম জানান, আজ মিশা সওদাগরের শ্যূটিং ছিল। দুপুরে তিনি তার নিজ গাড়িতে (ঢাকা মেট্রো চ -১৩৮৩২৯) করে নারায়ণগঞ্জ আসেন। শ্যূটিং চলাকালে দুপুর ২টার দিকে গাড়ি চালক সেলিম নামাজ পড়তে পাশের মসজিদে যায়। মসজিদ থেকে এসে দেখে গাড়ির দরজা ভাঙা। গাড়ির ভেতর থেকে নগদ ১৬ হাজার টাকা ও রেডো ব্র্যান্ডের একটি ঘড়ি খোয়া গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, চোরদের শনাক্ত করে খোয়া যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই