বলিউড অভিনেতা রণবীর কাপুর বরাবরই ছিপছিপে গড়নের। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ছবিতে দর্শক তাঁকে যেমনটি দেখেছেন তার থেকে খুব বেশি পরিবর্তন হয়নি তাঁর। কিন্তু সম্প্রতি এই অভিনেতা বাড়িয়েছেন ১৩ কেজি ওজন। এই কাজটি অবশ্য তিনি নিজের খুশিতে করেননি। তাঁর ওজন বাড়ানোর পেছনে হাত রয়েছে সঞ্জয়ের। কারণ, সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন বলেই রণবীরকে পেশিবহুল শরীর বানাতে হয়েছে। তা না হলে বিশালদেহী এই অভিনেতার চরিত্রে রণবীরকে মানাবে কি করে?
রণবীরের শরীরচর্চা প্রশিক্ষক কুনাল গির জানান, প্রতিদিন দেড় ঘণ্টা ধরে শরীরচর্চা করেছেন রণবীর। আর খাওয়া-দাওয়াও করছেন নিয়ম মেপে। এভাবেই ১৩ কেজি ওজন বাড়িয়েছেন এই নায়ক। এ জন্য তিনি অবশ্য মুটিয়ে যাননি। শরীরকে পেশিবহুল বানানোর জন্যই ওজন বেড়েছে তাঁর।
কুনাল আরও বলেন, ‘সঞ্জয় দত্তের চরিত্রের সঙ্গে গঠনগত দিক থেকে রণবীরকে মানিয়ে নেওয়ার বিষয়টা আসলেই চ্যালেঞ্জিং ছিল। রণবীর আগে তেমন একটা খাওয়া-দাওয়া করতেন না। খাওয়ার মধ্যে খেতেন শুধু মাংস। এখন তাঁকে শুধু সবজি খাওয়াচ্ছি। রাত তিনটায় ঘুম থেকে উঠে প্রোটিন শেকও খেতে হচ্ছে তাঁকে।’
কিন্তু সপ্তাহ শেষে রণবীরের নাকি হালিম খাওয়া চাই-ই চাই। কারণ এটি এই তারকার অসম্ভব প্রিয় একটি খাবার।
নাম ঠিক না হওয়া এই ছবির শুটিং শুরু হবে চলতি মাসের ১৪ তারিখ থেকে। জানা গেছে, মুম্বাইয়ে কঠিন দৃশ্যের কাজগুলো দিয়েই সিনেমার শুটিং শুরু হবে। এই ছবিতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয় করবেন পরেশ রাওয়াল, আরও থাকবেন দিয়া মির্জা। হিন্দুস্থান টাইমস।
এমই





