সালমান শাহ এখনো বেঁচে আছে! ঠিক দাঁড়িয়ে আছেন গাজীপুরের উলুখোলায়। অসংখ্য মানুষ তাকে দেখতে এসেছে। বিশ্বাস হচ্ছে না! বিশ্বাস হওয়ারও কথা নয়। তবে তার ভক্তদের সামনে অন্যভাবে ধরা দিয়েছেন তিনি।
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে ২৩ বছর আগে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
সালমান শাহ্র সবচেয়ে সুপারহিট সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। এই সিনেমাটির নামে তার এক ভক্ত নির্মাণ করেছেন একটি রিসোর্ট। যেখানে শোভা পাচ্ছে সালমানের একটি নান্দনিক ভাস্কর্য।
আজ বৃহস্পতিবার দুপুরে উলোখোলা থানার বীরতুল উত্তরপাড়ায় স্থাপন করা হয়েছে সালমান শাহ এর এ ভাস্কর্য।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সালমানের প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত'- এর নির্মাতা সোহানুর রহমান সোহান। আরও ছিলেন সালমানের 'সুজন সখী' সিনেমার পরিচালক শাহ আলম কিরণ, 'স্বপ্নের ঠিকানা' সিনেমার সহকারী পরিচালক শিল্পী চক্রবর্তী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
রিসোর্টটির মালিক রাশেদ খান বলেন, সালমান শাহ’র ভালোবাসা থেকেই এটি নির্মাণ করেছি। লাভের জন্য করিনি। আমার মতো ভক্তরা এসে সালমান শাহকে এখানে এসে দেখে যেতে পারবে।
কেন এটি নির্মাণ করেছেন জানতে চাইলে রাশেদ বলেন, আর দশটা দিনের মতোই শুরু হয়েছিল শুক্রবারের দিনটি।হঠাৎ করেই একটি খবর রেডিও টিভির কল্যাণে ছড়িয়ে পড়ে ঢালিউড সুপারস্টার সালমান শাহ আর নেই। কোনো ভাবেই এ সংবাদ বিশ্বাস করতে পারিনি। খুব কষ্ট লাগছিল। তারপর থেকে চিন্তা করতে থাকলাম সালমান শাহ এর জন্য কিছু একটা করবো। সেই স্বপ্ন থেকেই এই আয়োজন।
এএস





