বিয়ে করলেন নবাগত চিত্রনায়িকা মারজান জেনিফা। বর জোবায়ের আলম। গতকাল শুক্রবার (২৯ জুলাই) পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে মারজান জেনিফা বলেন, ‘জোবায়েরের সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের মাধ্যমে প্রেমকে পরিণতিতে রূপ দিলাম। মাত্র নতুন জীবনে পা রেখেছি। তাই সবার কাছে দোয়া প্রত্যাশা করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

বিয়ের কিছু স্থিরচিত্রও জেনিফার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ছবি পোস্ট করেও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মিডিয়ার কাউকে জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা করতে পারেননি বলে খুব শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন জেনিফা।

‘মুসাফির’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন জেনিফা। এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে বেশ আলোচনায় আসেন এই নায়িকা। মুসাফির সিনেমাটি প্রযোজনা করেছেন জেনিফারের স্বামী জোবায়ের।

আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বেশ সাড়া জাগালেও নতুন সিনেমার অফার আসার পরও সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি।

এমবিএইচ