মার্কিন পপতারকা মাইলি সাইরাসের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া একটি কনসার্ট নিষিদ্ধ করা হয়েছে ডমিনিকান রিপাবলিকে। সাইরাস তার গানের মাধ্যমে যৌনতা, অপরাধমূলক প্রবনতা এবং নিষ্ঠুরতাকে উস্কে দেন, এমন অভিযোগ তুলেই কনসার্টটি নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
সাইরাসের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এসডি কনসার্ট, লাইভ নেশন কম্পানিজকে পাঠানো একটি নোটিশে জানানো হয়, সাইরাস তার কনসার্টগুলোতে এমন কিছু কাজ করেন যেগুলো দেশটির ‘সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী’।
দেশটির রেডিও কমিশনের পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, এসব ছাড়াও মঞ্চে ‘অপর্যাপ্ত ও সংক্ষিপ্ত’ পোশাক পরেন সাইরাস। এমন ভাষায় কথা বলেন ও এমন সব আচরণ করেন যা যৌনতা ও অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে।
ডিজনি তারকার ইমেজ ভেঙ্গে সংগীতশিল্পী হিসেবে নিজের আলাদা ধরন তৈরির চেষ্টা করতে গিয়ে বার বার নানা বিতর্কে জড়িয়েছেন সাইরাস। গত বছরের অগাস্টে রবিন থিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস আসরে পারফর্ম করার সময় ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করে সমালোচিত হন তিনি। দুই মাস পর এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে গাজা সেবন করে তুমুল সমালোচনার মধ্যে পড়েন।
সাইরাসের কনসার্টটি হওয়ার কথা ছিল সান্তো ডোমিঙ্গোর কুইসকেইয়া স্টেডিয়ামে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





