দেশের সুনামধন্য অডিও রেকর্ডিং স্টুডিও ‘রিদম প্লাস ডট কম’ র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভয়েস আর্টিস্ট এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৪ মার্চ শুক্রবার বিকেল ৪ টায় রাজধানীর সেগুন বাগিচায় কচি কাঁচার মিলনায়তনে দেশের প্রখ্যাত ভোকাল আর্টিস্ট ও সাংবাদিকদের এ সম্মাননা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সহমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচিত্র নির্মাতা ও রাজনৈতিক সাদেক সিদ্দিকী, বাংলাদেশ শিল্পকলার সাবেক মহাপরিচালক মুস্তফা জামান আব্বাসী, নাট্য ব্যক্তিত্ব ড. ইনাসুল হক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ রেজাউর রহমান, অভিনেত্রী লাকী ইনাম, আবৃত্তিকার শিমুল মোস্তফা, সংগীত শিল্পী দিলসাদ নাহার কণা, চলচিত্র নায়িকা শম্পা। অতিথিবৃন্দ দেশের প্রখ্যাত ভোকাল আর্টিস্ট ও সাংবাদিকদের এ সম্মাননা প্রদান করবেন বলে জানা গেছে।
এছাড়াও এ অনুষ্ঠানে একঝাক সাংস্কৃতিক কর্মীর পরিবেশনায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রিদম’র কর্ণধার ওমর আল ফারুক জানান, রিদম প্লাস ডট কম প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে অডিও ও ভিজ্যুয়াল নির্মাণে বিশেষ ভূমিকা রেখে আসছে, এরই ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে, ইনশাআল্লাহ প্রতিবছরই গুণিজন, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও দেশের বিশিষ্টজনদের নিয়ে এ আয়োজন করা হবে।
এমএনজে





