মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘ডুব’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নির্মাতা ফারুকী এই ছবির পোস্টারটি তার ফেসবুকে প্রকাশ করেছেন।ক্যাপশনে লিখেছেন, ‘ডুব’ ছবির প্রথম দর্শন।
বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের তিশা এবং রোকেয়া প্রাচী রয়েছেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও ইরফানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ডুব’ ছবিটি তথ্য মন্ত্রণালয়ের আদেশে সেন্সরে আটকে গেছে। ফলে ব্যয়বহুল এই ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ছবিটি আটকে যাওয়ার পেছনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনের সেনসিটিভ ইস্যু নিয়ে তৈরি করার কথা বলা হচ্ছে।
বিষয়টি নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে ছবিটির নির্মাতা ফারুকী ও হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের মধ্যেও। তবে ছবির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ সম্প্রতি জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখে ‘ডুব’ বাংলাদেশ ও কলকাতায় মুক্তি দেয়া হবে।
নাজিব





