বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত কমিটির একাংশ শপথ নিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, আদালত অবমাননা করে ওই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে নবনির্বাচিত কমিটির ১১ জন শপথ নিয়েছেন। অন্য ১০ জন ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান। মিশা সওদাগর অন্য ১০ জনকে শপথ পড়ান।

বৃহস্পতিবার (১১ মে) শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত চেয়ে ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকালই নির্বাচনের ফল স্থগিত করেন আদালত।

মামলার বাদী রমিজউদ্দিনের আইনজীবী নজিবুল্লাহ হিরু দাবি করেছেন, শপথ অনুষ্ঠানের মাধ্যমে আদালত অবমাননা হয়েছে।

নজিবুল্লাহ হিরু বলেন, ‘আদালতের নির্দেশে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল অন্তর্বর্তীকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।’এতে শপথগ্রহণ বাধাগ্রস্ত হবে কি না জানতে চাইলে নজিবুল্লাহ হিরু বলেন, ‘যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেহেতু শপথসহ সবকিছুই এর অন্তর্ভুক্ত।’

এ ব্যাপারে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘শিল্পী সমিতির সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৭দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা আছে।

আদালতের নির্দেশনা আছে, ক্ষমতা হস্তান্তর করা যাবে না। আমরা হস্তান্তর করিনি। তবে শপথ পড়িয়েছি। নির্বাচন কমিশনার হিসেবে এটা আমার দায়িত্ব। ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি।’ 

এমবি