ঈদ উপলক্ষে বাজারে আসছে ‘অবাক শহর’খ্যাত কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের নতুন অডিও এ্যালবাম ‘আয় ভোর’। এ্যালবামের টাইটেল ট্র্যাকে মানিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী নচিকেতা। এ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন।

আমিরুল মোমেনীন মানিক জানান, ‘আয় ভোর’ কথা ও সুর করেছেন তিনি নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক। এ্যালবামের পাশাপাশি গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে। ‘আয় ভোর’ এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত কোনো মিউজিক ভিডিওতে অংশ নিলেন নচিকেতা।

মানিক আরও জানান, এর আগেও নচিকেতার সঙ্গে যৌথভাবে প্রকাশ করেছেন এ্যালবাম ‘আপিল বিভাগ’। সেখানে নচিকেতার ৫টি বিখ্যাত গান ও আলাপচারিতা স্থান পায়। তবে ‘আয় ভোর’ তাদের প্রথম দ্বৈত গান। নতুন এ গানটি নিয়ে মানিক আশাবাদী।

নতুন এ এ্যালবামে গান থাকছে ১৩টি। এর মধ্যে নচিকেতার কথা ও সুরে থাকছে ‘কলেজ লাইফ’ শিরোনামের গান। অন্য গানগুলো লিখেছেন নাজমুল আশরাফ, সানাউল হক, এমএস রানা, রকিব হোসেন, সোহেল অটল, রেজাউর রহমান রিজভী, এনআই বুলবুল ও মাহবুবুর রহমান সজীব। সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক, সজীব দাস, পারভেজ জুয়েল, যাদু রিছিল ও জিএস তুহিন।

এ্যালবামের ‘আলোকিত বিশ্ব’ শিরোনামের গানে মানিকের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আসিফ, আগুন, পুলক ও লিজা। ‘আয় ভোর’ শনিবার থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন লেজারভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান।

২০১৩ সালে প্রকাশ হয় মানিকের একক এ্যালবাম ‘অবাক শহরে’। এ্যালবামটির ছায়ামানবী, রংবাজার, মিসকল ও শিরায় শিরায় গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। চলতি বছরের মা দিবসে প্রকাশ হয় একক এ্যালবাম ‘মা’। মানিকের অন্য এ্যালবামগুলো হল— আপিল বিভাগ, আলোর পরশ, প্রহরী।

গানের বাইরে মানিক একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও টক শো সঞ্চালনা করেন। সঙ্গীত, নাটক ও সামাজিক নানা বিষয়ে এ পর্যন্ত আমিরুল মোমেনীন মানিকের ৮টি বই প্রকাশিত হয়েছে

এমকে