করণ জোহর বলেন, সেফ আলি খানদের পরিবার হল আক্ষরিক অর্থে আধুনিক পরিবার। যেখানে সাইফের আগের পক্ষের স্ত্রী অমৃতা সিং এবং তার সন্তানদের সঙ্গে সাইফের বর্তমান স্ত্রী কারিনা কাপুর খানের ভালই সম্পর্ক। টিভি শো ‘কফি উইথ করণ’-এ সে কথাই আর এক বার প্রমাণ করলেন সাইফ এবং সারা আলি খান।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শোয়ে এসে সারা জানালেন, বাবার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়। এবং ফোনে বাবা তাকে বকাবকি করেই ফোনটা কেটে দেন! সারার কথায়, ‘তারপরে ওই বাড়িতে বাবাকে কারিনা আর এই বাড়িতে আমাকে মা ঠান্ডা করেন!’

সারা এ-ও জানিয়েছেন, সাইফ কারিনাকে বিয়ে করার পরে তিনি কারিনাকে কী বলে সম্বোধন করবেন, তাই নিয়ে বিভ্রান্তি ছিল। ‘আমি ভেবেছিলাম ‘কারিনা আন্টি’ বলে ডাকব। তাতে বাবা বলেছিল, আন্টি বললে বিপদ হতে পারে,’ হাসিঠাট্টার ছলেই কথাবার্তা এগিয়েছে শোয়ে।

করণের প্রশ্নের মধ্যে অবশ্য বাউন্সার ছিলই। তিনি জিজ্ঞেস করেছিলেন, কারিনার সঙ্গে বাবার দ্বিতীয় বিয়ের পরে কোনও অস্বস্তির মধ্যে সারাকে পড়তে হয়েছিল কি না। সারা তাতে উত্তর দিয়েছেন, ‘আসলে সকলেই এত পরিণত ভাবে বিষয়টাকে দেখেছিল যে, কারওই কোনও অস্বস্তি হয়নি। আমাকে কারিনা বলেছিল, ‘তোমার মা খুব ভাল মানুষ। আমি শুধু চাই, আমরা যেন ভাল বন্ধু হতে পারি।’ বাবাও কোনও দিন আমাকে বলেনি, কারিনাকে ‘মা’ বলে ডাকতে বা ভাবতে।’

কথায় কথায় সাইফও জানালেন যে, কারিনার সঙ্গে বিয়ের আগে অমৃতাকে একটা খুব সুন্দর চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠি কারিনাকেও পড়ান তার পরে। সারাও সেই চিঠি পড়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তার মন্তব্য, ‘আমি এমনিতেই বাবার বিয়েতে যেতাম, কিন্তু চিঠিটা পড়ে আরও বেশি করে যাওয়ার ইচ্ছে জেগেছিল।’ সারা জানিয়েছেন, মা-ই তাকে সাজিয়ে দিয়েছিলেন বিয়েতে যোগদান করার জন্য।

কথোপকথনের বেশ কিছু অংশ হাসিমজাতেও ভরপুর। সারা বলেছেন, তিনি রণবীর কাপুরকে বিয়ে করতে এবং‌ কার্তিক আরিয়ানকে ডেট করতে চান। তাতে সাইফের পাল্টা প্রশ্ন, ‘ওর কাছে টাকা আছে?’ সারার জবাব, ‘কেন তোমার আছে তো!’