পাঁচ দিনের বেশি সময় একটানা নেচে বিশ্ব রেকর্ড করেছেন ভারতের কাশীর তরুণী সনি চৌরাসিয়া। ৩১ বছরের এই নৃত্যশিল্পী কত্থক নেচে শনিবার রাত নয়টা ২১ মিনিটে ওই বিশ্ব রেকর্ড করেন।

রবিবার প্রকাশিত ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পত্রিকাটি জানায়, বারানসী শহরের একটি স্কুলে গত সোমবার সন্ধ্যা ৬টায় নাচ শুরু করেন সনি চৌরাসিয়া। নাচ শেষ হয় শনিবার রাত নয়টা ২১ মিনিটে। বিশ্ব রেকর্ডের জন্য তিনি একটানা ৫ দিন ৩ ঘণ্টা ৩০ মিনিট কত্থক নাচেন।

এই পাঁচ দিন খাওয়া ও প্রয়োজনীয় কাজের জন্য প্রতি চার ঘণ্টা অন্তর ২০ মিনিট করে বিরতি নেন সনি। তিনি এ সময় খিচুরিজাতীয় খাবার খান।

এর আগে একটানা দীর্ঘ সময় ধরে নাচার বিশ্ব রেকর্ডটি ছিল ভারতের কেরালা রাজ্যের নৃত্যশিল্পী হেমলতার দখলে। তিনি ৫ দিন ৩ ঘণ্টা ২০ মিনিট ধরে একটানা নেচেছিলেন।

নাচে নতুন বিশ্ব রেকর্ড করায় সনিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক টুইটার বার্তায় বলেন, “কাশীর তরুণ প্রতিভাবান শিল্পী আমাদের গর্বিত করেছেন। তাকে অভিনন্দন।”

সনি চৌরাসিয়া একটানা বেশি সময় ধরে নেচে বিশ্ব রেকর্ড করার জন্য গত নভেম্বর মাসেও একবার চেষ্টা করেছিলেন। তখন মাত্র ৮৭ ঘণ্টা ১৮ মিনিট নাচার পর পড়ে যান তিনি। দ্বিতীয়বারের চেষ্টায় শনিবার রেকর্ড করতে সক্ষম হন তিনি।

এআই