ইরাকে সুন্নী বিদ্রোহীদের হামলা মোকাবেলায় রাশিয়ার জঙ্গি বিমানের প্রথম চালান দেশটিতে পৌঁছেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পাঁচটি 'সুখই সু-২৫' বিমান আগামী তিন চার দিনের মধ্যেই বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

সুন্নী বিদ্রোহীরা গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে দফায় দফায় হামলা চালিয়ে পশ্চিম ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। শনিবার অবশ্য সরকার জানায়, উত্তরাঞ্চলের তিকরিত নগরী তারা পুনর্দখল করেছে। তবে বিদ্রোহীরা এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সরকারি বাহিনীর হামলায় ৬০ জন বিদ্রোহী নিহত হয়েছে। সেনাবাহিনী এখন উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলকৃত মসুল নগরীর দিকে অগ্রসরের প্রস্তুতি নিচ্ছে।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সঙ্গে চুক্তির উদ্দেশ্য বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে বিমান ও সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি করা।

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি গত সপ্তাহে বলেন, রাশিয়া ও বেলারুশের সঙ্গে কয়েকটি জঙ্গি বিমান কেনার চুক্তি হয়েছে। এই চুক্তির পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার বলে খবর বেরিয়েছে।

রাশিয়ার এক বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা লেন্টা ডট আরইউ এর খবরে বলা হয়, ছয়টি সুখই এসইউ-৩০ বিমান ইরাকে পাঠানো হয়েছে। তবে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ