নাইজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি বাস স্টেশনে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে একই জায়গায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ এ হামলার দায় দায়িত্ব কেউ স্বীকার না করলেও সশস্ত্র সংগঠন বোকো হারাম এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ গত পাঁচ বছরে বোকো হারামের হামলায় হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে।
জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঞ্জো এজিকিয়েল বলেন, আবুজার কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নায়ানয়া বাস টার্মিনালে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। জরুরি সংস্থার কর্মীরা আহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।
গত ১৪ এপ্রিল একই বাস স্টেশনে বোমা হামলা চালানো হয়। এতে ৭৫ জন নিহত হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বোকো হারামের নেতা আবু বাকার শেকুকে বিশ্ব 'সন্ত্রাসী' হিসেবে ঘোষণা দিয়ে বলেছে, তার গ্রুপই ১৪ এপ্রিল বোমা হামলা চালিয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]