পাঁচ মাস বিরতি দিয়ে আবারও একক সরকার গঠন করতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ানের দল ক্ষমতাসীন (অন্তর্বর্তীকালীন) জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)।
রোববারেরজাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তারা। একক সরকার গঠনের জন্য সংসদে ২৭৬ আসন প্রয়োজন হলেও একেপির নিশ্চিত হয়ে গেছে ৩১৬ আসন।
দেশটির নির্বাচন কমিশন সূত্র ও সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, এ ফলাফলের মাধ্যমে আবারও পাঁচ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত হয়ে গেল ২০০২ থেকে সরকারে থাকা একেপির।
নির্বাচন কমিশন সূত্র ও সংবাদমাধ্যম, রোববার (১ নভেম্বর) অস্থিতিশীল দেশটিজুড়ে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণের পর গণনায় দেখা যায়, নির্বাচনে ৯৫ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে।
এতে ক্ষমতাসীন একেপির ব্যালটে পড়েছে ৪৯ দশমিক ৪০ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী দল ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস’ পার্টির (সিএইচপি) ব্যালটে পড়েছে ২৫ দশমিক ৩৪ শতাংশ ভোট।
এছাড়া, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) ব্যালটে ১১ দশমিক ৯৭ শতাংশ ও কুর্দি সমর্থিত পিপলস’ ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) ব্যালটে পড়েছে ১০ দশমিক ৩৮ শতাংশ ভোট।
ভোট প্রাপ্তির হিসাবে তুরস্কের বিধান অনুযায়ী, সংসদে এরদোয়ানের দল একেপি পাচ্ছে ৩১৬ আসন। ১৩৩ আসন পাচ্ছে সিএইচপি। এছাড়া, এমএইচপি ও এইচডিপি পাচ্ছে যথাক্রমে ৪২ ও ৫৯ আসন।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠনের জন্য দরকার হয় ২৭৬ আসনের। আর একেপির নিশ্চিত হয়ে গেছে ৩১৬ আসন। সে বিবেচনায় ২০০২ সাল থেকে ক্ষমতাসীন একেপির আরও পাঁচ বছরের জন্য একক সরকার গঠন নিশ্চিত হয়ে গেল।
তবে, এ নির্বাচনকে একেপির জয় না বলে অনেকে ‘আধুনিক ইসলামপন্থি’ প্রেসিডেন্ট এরদোয়ানের জয়ও বলছেন। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর গত আগস্টে এরদোয়ান প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন। তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদটি রাষ্ট্রীয় প্রধানের হলেও ক্ষমতা-প্রভাব বিবেচনায় ‘অনেক বেশি মুখাপেক্ষী’।
এরদোয়ান চান সংবিধান সংশোধন করে সে ‘মুখাপেক্ষী’ পদটিকে আরও বেশি ক্ষমতা দিতে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাকে প্রেসিডেন্টশাসিত করতে। তার ‘ধর্মনিরপেক্ষ বিরোধীরা’ মনে করে, এ সুযোগ পেলে এরদোয়ান আরও অন্তত ১০ বছর রাষ্ট্রীয় শাসনভারে থেকে তুরস্ককে ‘ইসলামি রাষ্ট্রে’ পরিণত করবেন।
এসএইচ





