মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের একটি গ্রামে খ্রিস্টান জঙ্গিদের হামলায় অন্তত ২১ জন মুসলমান নিহত হয়েছেন। দেশটিতে এটি সর্বশেষ সাম্প্রদায়িক হামলা। শান্তিরক্ষীরা মঙ্গলবার একথা জানায়।

সূত্র মতে, বাম্বারি শহরের কাছে ‘এন্টি বালাকা’মিলিশিয়ারা ‘ফুলানি’সংখ্যালঘুদের ওপর হামলা চালায়। এতে ১৭ জন নিহত হন। ফুলানি সংখ্যালঘুরা মুসলমান এবং মিলিশিয়াদের অধিকাংশ খ্রিস্টান।

আফ্রিকান ইউনিয়ন ফোর্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, হামলাকারীরা অনেকগুলো লাশ ক্ষতবিক্ষত করে। এ ছাড়া কিছু লাশ তারা পুড়িয়ে ফেলে।

দেশটির মুসলিম সশস্ত্র সংগঠন সেলেকা’র মুখপাত্র আহমত নাদজাত বলেন, "সোমবার আরদো-জোবি গ্রামে খ্রিস্টানদের একটি মিলিশিয়া বাহিনীর হামলায় ফুলানি গোষ্ঠীর ১৮ জন নিহত হয়েছে।"

এর দুই সপ্তাহ আগে খ্রিস্টান মিলিশিয়ার সঙ্গে সশস্ত্র মুসলিমদের সংঘর্ষে ২১ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে ওই হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

২০১৩ সালে সেলেকা বাহিনীকে ক্ষমতা থেকে উৎখাতের পর থেকেই দেশটিতে মুসলিম-খ্রিস্টানদের মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়। সাম্প্রদায়িক এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই মুসলিম। এ ছাড়াও প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়েছে। সূত্র: বিএসএস

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ