বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা  বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে দেয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার সময়ে সংস্থাটির পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানিয়েছেন।

এসময় তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে নিয়ন্ত্রণারোপ এবং খাবার প্রবেশে বাধা দেয়ার বিষয়ে বলেন, এটি অবশ্যই উদ্বেগের। এ বিষয়সহ বাংলাদেশের চলমান অস্থিতিশীল সকল পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।

পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘের চেষ্টা অব্যাহত আছে বলেও উল্লেখ করেন সংস্থাটির এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের খাবার সরবরাহ বন্ধ করে দেয় পুলিশ। ফলে ৪৮ ঘণ্টা ধরে অভুক্ত অবস্থায় আছে গুলশান কার্যালয়ে অবস্থানরত সকলেই।

গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয় থেকে বের হতে পারছেন না। তার কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

এসএইচ