তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এপর্যন্ত ৬,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দেশটির বিচারমন্ত্রী বেকির বোজাদের বরাত দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানায়।
গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে জানিয়ে বেকির বোজাদ বলেন, ‘এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে।’
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিচারক এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও রয়েছেন। এর মধ্যে শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দেনিজলি থেকেই অর্ধশতাধিক সেনা সদস্য গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টার পর সরকার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর একটি অংশের সংঘর্ষ হয়।
শনিবারও এ সংঘর্ষ চলতে থাকে। এক পর্যায়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসেন প্রেসিডেন্টের আহ্বানে। ব্যর্থ হয় অভ্যুত্থান চেষ্টা।
ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর আত্মসমর্পণ করেন অসংখ্য সেনা সদস্য। ব্যর্থ এ অভ্যুত্থান চেষ্টায় নিহত হন অন্তত ২৬৫ জন মানুষ।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ওই চেষ্টার পর শনিবার জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার। সূত্র: আলজাজিরা
এফএফ





