ইউক্রেন সঙ্কট সমাধানের লক্ষ্যে কিয়েভ ও মস্কোর মধ্যে প্রত্যক্ষ আলোচনা শুরুর একদিন পরেই নতুন করে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্ব সীমান্তে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

এদিকে নতুন করে চালান হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ইউক্রেনের পূর্বের সীমান্তে আবারো নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ জন্য রাশিয়াকে দায়ী করেছে কিয়েভ সরকার। দেশটির দক্ষিণ-পূর্বের সীমান্তেও ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।রুশপন্থী বিদ্রোহীরা উপকূলবর্তী  একটি শহর দখল করে নিয়েছে বলে জানা গেছে। যদিও ইউক্রেন বলছে শহরটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। দোনেস্ক এবং লোহানস্কেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ইউক্রেনে নতুন করে সংঘর্ষ শুরু এর ফলে পাঁচ মাস ব্যাপী সংঘর্ষের অবসানের জন্য মঙ্গলবার দেশ দুটির মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাও ব্যর্থ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।

ইউক্রেন অভিযোগ করে বলেছে, রুশ সেনারা সীমান্ত অতিক্রম করে বিচ্ছিন্নতাবাদিদের পক্ষে লড়াই করছে। লন্ডনে ইউক্রেন দূতাবাসের একজন কর্মকর্তা বলছেন, তাদের এই দাবির পক্ষে অসংখ্য যুক্তি রয়েছে। তিনি বলছেন দুর্ভাগ্যবশত রাশিয়া যে তাদের সৈন্য দিয়ে ইউক্রেনে বন্যা বইয়ে দিচ্ছে সেটার প্রত্যক্ষদর্শী হতে হচ্ছে তাদের।

ইউক্রেনের সামরিক মুখপাত্র এন্ড্রি লিসেনকো জানিয়েছেন, অস্ত্রশস্ত্র এবং একটি ট্রাক নিয়ে একদল রুশ সেনা আমভ্রোসিভকা শহরে ঢুকে পড়েছে। সোমবার ইউক্রেন দশ রুশ সেনাকে আটক করার মাত্র একদিন পর এ ঘটনা ঘটল। ইউক্রেনের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে আরো একজন রুশ সেনাকে আটক করার কথা জানিয়েছে।

এদিকে এই নতুন করে হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি টেলিফোনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, এই অবস্থাকে শান্ত করার জন্য রাশিয়ার একটা বড় ভূমিকা রয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে পূর্ব ইউরোপের যেসব এলাকা শান্ত হয়ে এসেছিল সেখানে ট্যাংক, রকেট লঞ্চার এসব যাওয়ার অর্থ দাঁড়ায় রাশিয়া আবারো পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। অবশ্য রাশিয়া সবসময় বিদ্রোহীদের সাহায্য করার বিষয়টি অস্বীকার করেছে।

মার্কিন পরারাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পাসকি বলেছে , রাশিয়া যে সত্যটা প্রকাশ করতে অনীহা দেখাচ্ছে সে ব্যাপারে ওয়াশিংটন সবসময় উদ্বিগ্ন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ