ইহুদিবাদী ইসরাইলের এলিট বা চৌকস ইউনিট ‘৮২০০’-এর ৪৩ সেনা ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তেল আবিবের সেনাবাহিনী। ইসরাইলের এসব রিজার্ভ সেনা সম্প্রতি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কাছে লেখা খোলা চিঠিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাতে অস্বীকার করার পর এ হুমকি দেয়া হলো।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র মোতি আলমোজ বলেন, হুকুম অমান্য করার কোনো অবকাশ সেনাবাহিনীতে নেই। ইহুদিবাদী সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা ৩৪ সেনার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত বলে জানান এ মুখপাত্র।
তেল আবিবের এই চৌকস ইউনিট গুপ্তহত্যা চালানোসহ লাখ লাখ ফিলিস্তিনির মানবাধিকার বিনষ্ট করার তৎপরতায় জড়িত থাকার বিষয়টি চিঠিতে ফাঁস করে দিয়েছে ৪৩ সেনা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জুলুম নির্যাতন চালানোর সঙ্গে এ ইউনিট জড়িত রয়েছে বলে উল্লেখ করে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীতে চাকরি করতে অস্বীকার করেছেন এ সব রিজার্ভ সেনা।
চিঠিতে তারা নিজেরাই কেবল চাকরি করবেন না সে ঘোষণাই দেন নি বরং ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্যাতন ও গুপ্তহত্যায় জড়িত ইহুদিবাদী ইসরাইলের সব সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ ইসরাইলিদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
ইসরাইলের সংবাদ মাধ্যমগুলোতে হিব্রু ভাষায় লেখা এ চিঠি গত শুক্রবার প্রকাশিত হয়েছে। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





