ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞ (হলোকাস্ট) থেকে বেঁচে যাওয়া তিন শতাধিক প্রভাবশালী ইহুদি ও তাদের উত্তরসূরীরা।

ওই ইহুদীদের সংগঠন দ্য ইন্টারন্যাশনাল জিউইশ অ্যান্টি-জায়নিস্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে এ দাবি জানায়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নোবেল জয়ী লেখক এলি উয়িজেল’র লেখা এক বিজ্ঞাপনে সাড়া দিয়ে এই বিবৃতিটি তৈরি করা হয়েছে। যা শনিবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে।

ওই বিবৃতিতে ইসরায়েলি নৃশংসতার নিন্দাও করা হয়েছে । এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি দখলের মাধ্যমে উপনিবেশিকরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গত ৮ জুলাই এ সংঘাত শুরুর পর থেকে ইসরাইলের আগ্রাসী হামলায় কমপক্ষে ২ হাজার ৯৫ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদিকে জাতিসংঘ জানায়, ইসরাইলের হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশ বেসামরিক নাগরিক। সূত্র: বিবিসি

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই