সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। জার্মানির দৈনিক বিল্ড রোববার জানিয়েছে, ‘মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি’ বিরাজ করায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে জার্মানির কাছে যেসব অস্ত্র চাওয়া হয়েছিল হয় তার সরবরাহ সরাসরি বাতিল করা হয়েছে অথবা পুনর্বিবেচনা করা হচ্ছে । তবে জার্মানির সরকারি সূত্র এর সত্যতা নিশ্চিত করেনি।
সৌদি রাজা আব্দুল্লাহর মৃত্যুর দু’দিন পর জার্মান দৈনিকটি রিয়াদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখার খবর দিল।
জার্মানির অস্ত্র শিল্পে সৌদি আরব গুরুত্বপূর্ণ ক্রেতা। ২০১৩ সালে দেশটি জার্মানির কাছ থেকে ৪শ মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছিল।
বিল্ড জানিয়েছে, জার্মানির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গত বুধবার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে । সরকারি সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সেখানে অস্ত্র পাঠানোর অনুকূলে নয়।’
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েলসহ সাতজন মন্ত্রী এ কাউন্সিলের সদস্য।
জেআই





