আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় কাপিসা প্রদেশে 'ইনসাইডার' হামলায় দুই মার্কিন সেনা নিহত ও চারজন আহত হয়েছে। আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন বন্দুকধারী বুধবার এ হামলা চালান।
আফগান সেনাবাহিনীর ভিতর ছদ্মবেশে থাকা আততায়ীদের হামলাকে 'ইনসাইডার' অ্যাটাক বল হয়। সাধারণত মার্কিন ও ন্যাটো বাহিনীর সঙ্গে মিশে এ হামলাগুলো চালানো হয়।
মার্কিন প্রতিরক্ষা ও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হামলার ঘটনাটি অভ্যন্তরীণ বলে প্রকাশ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চারজন আফগান নাগরিক এ ঘটনার সঙ্গে জড়িত। হামলাকারীরা হঠাৎ করে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর ওপর গুলি চালাতে থাকে।
গত কয়েক মাস ধরে অভ্যন্তরীণ হামলার ঘটনা আফগানিস্তানে বেড়ে গেছে। বিদেশি সৈন্য লক্ষ্য করে হামলার আশঙ্কা বাড়ছে। এ বছরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য অপসারণ ও নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির মতবিরোধ চলছে। এ মুহূর্তে এ ধরনের অভ্যন্তরীণ হামলা উভয় দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]