ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা সৌদি আরবে তাদের বন্দীদের মুক্ত করার জন্য জাতিসঙ্ঘসহ চার দেশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে।

গতকাল রোববার হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব থেকে বন্দীদের মুক্ত করতে তারা মিসর, তুরস্ক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে।

ইসমাইল হানিয়া বলেন, সৌদি আরবে বন্দী হামাস নেতাকর্মীদের একটি তালিকা এরইমধ্যে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে পাঠানো হয়েছে।

বিবৃতিতে হানিয়া বলেন, চার দেশের কর্মকর্তারাই বিষয়টি মীমাংসা করার বিষয়ে সহায়তা করতে সম্মতি দেয়।

তবে জাতিসঙ্ঘ বা চার দেশের কোনো কর্মকর্তার কোনো মন্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এর আগে চলতি বছরের আগস্টে সৌদি আরবে বাস করা ৬৯ ফিলিস্তিনি ও জর্দানি বাসিন্দাকে হামাসের সাথে সংযোগ থাকায় কারাদণ্ড দেয় দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে তাদের আটক করা হয়। সূত্র : গাজা পোস্ট।

এবিএস