পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ওয়াগা সীমান্তে পাইলট অভিনন্দন বর্তমানকে গ্রহণ করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা।
এর আগে পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শুক্রবার ‘শান্তির নিদর্শন’র অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত’।
পরে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, তিনি এই বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি যে আমরা কোনও উত্তেজনা চাই না। তবে আমাদের এই ইচ্ছাকে দুর্বলতা ভাববেন না।’
এরপর ইমরান খান বলেন, ‘আমাদের কাছে একজন ভারতীয় পাইলট রয়েছেন। শান্তির নিদর্শন হিসেবে তাকে আমরা মুক্তি দিচ্ছি।’ সেসময় পার্লামেন্ট সদস্যরাও তাকে সমর্থন দেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ইমরান বলেন, এটাকে আর টেনে নেবেন না, পাকিস্তান প্রতিশোধ নিতে বাধ্য হবে।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত। তারা জানায়, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মুক্তি ছাড়া কোনও চুক্তি হবে না।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার সেই জইশ-ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের কথা বলেই ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায় ভারত।
জেড





