নাইজেরিয়ার রাজধানী আবুজার বাস স্টেশনে পরপর দুটি বোমা হামলায় অন্তত ৭১জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২৪ জন। এ হামলায় ১৬টি বিলাসবহুল কোচ ও ২৪ টি মিনিবাস বিধ্বস্ত হয়। আবুজার কেন্দ্রস্থলে অবস্থিত ওই বাস স্টেশনে যাত্রীরা কর্মস্থলে যাওয়ার জন্য বাস ও ট্যাক্সির অপেক্ষা করছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, দেশটির ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলার জন্য দায়ী। বোকো হারাম এর আগেও আবুজায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছিল।
তবে সংগঠনটির বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে। সংগঠনটিও মূলত দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সংগঠন। ২০০৯ সালে উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র গঠনের দাবিতে সংগঠনটি বিদ্রোহ শুরু করে। বোকো হারামকে বিশ্বের ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে কট্টর ও গোঁড়া হিসেবে গণ্য করা হয়।
বোকো হারাম শব্দের অর্থ আধুনিক পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ।