বুরুন্ডিতে সেনা অভ্যুত্থানের পর সেটি সফল হবে কিনা তা নিয়ে সংশয় থাকায় প্রেসিডেন্টের অনুগত এক দল সেনা সদস্য রাজধানী বুজুম্বুরার নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।
তারা সরকারি টিভি স্টেশন ও বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে বলে জানা গেছে।
সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট পিয়ের কুরুনজিজার অনুগত সেনারা শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে। তবে অভ্যুত্থানকারী সেনারা এখনও নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে তারা দাবি করেছে।
বুধবার প্রেসিডেন্ট কুরুনজিজাকে উৎখাত করতে মেজর জেনারেল গোডফ্রয়েড নিওমবারে অভ্যুত্থানের ঘোষণা দেন।
অভ্যুত্থানের সময় দেশের সমস্যা সমাধানের লক্ষ্যে পূর্ব আফ্রিকান দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করতে তানজিনিয়ায় অবস্থান করছিলেন কুরুনজিজা।
তিনি অভ্যুত্থানকে ব্যর্থ বলে ঘোষণা দিলেও বৃহস্পতিবার তিনি দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। তাকে বহনকারী বিমানকে বন্দরে অবতরণ করতে দেয়া হয়নি। ১০ মিনিট আকাশে ঘোরাঘুরি করে পুনরায় তিনি তানজিনিয়া ফিরে যান।
কুরুনজিজা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘোষণা দিলে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এতে ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৫০ হাজার মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।
সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে সেনাবাহিনী কুরুনজিজাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
আল জাজিরার প্রতিনিধি ম্যালকম ওয়েব বলেছেন, "আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্টের অনুগত এক দল সেনা সদস্য রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।"
জেডআই





