সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা কোনো ধরনের অগ্রগতি ছাড়াই ভেঙে গেছে।
জেনেভায় শনিবার বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই আলোচনা শেষ হয়ে যায়। দ্বিতীয় দফার আলোচনা চলে মাত্র ২৭ মিনিট।
জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি, যিনি এই প্রচেষ্টায় মধ্যস্থতা করছিলেন, বৈঠকে কিছুই অর্জিত না হওয়ায় সিরিয়ার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
লাখদার ব্রাহিমি জানিয়েছেন, তৃতীয় দফা আলোচনার ব্যাপারে দুই পক্ষ রাজি হয়েছে। তবে, তৃতীয় দফায় আলোচনার জন্যে কোন দিন তারিখের কথা বলা হয়নি।
বৈঠক থেকে বেরিয়ে ক্লান্ত মিঃ ব্রাহিমি বলেন তৃতীয় দফা আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণে তিনি ব্যর্থ হয়েছেন।
জেনেভা থেকে বিবিসির সংবাদদাতা ইমোজেন ফুকস জানান, ব্রাহিমি বলেছেন দুপক্ষেরই এখন কিছু সময় নিয়ে আগে বিবেচনা করে দেখা উচিত যে এই আলোচনার প্রক্রিয়ায় তারা আদৌ আগ্রহী কি না।
ব্রাহিমি বলেন শুধু বসার খাতিরে বৈঠকে বসার কোনো মানে হবে না ।
আলোচনায় দুপক্ষেরই নিজস্ব এজেন্ডা রয়েছে । সিরিয়া সরকার আলোচনা করতে চেয়েছিল সহিংসতা ও সন্ত্রাস নিয়ে আর বিরোধীদের মূল এজেন্ডা ছিল একটা অর্ন্তবর্তী সরকার নিয়ে আলোচনা।
ব্রাহিমি বলেন তৃতীয় দফা বৈঠকে এই দুই বিষয় নিয়ে আলোচনার জন্য পুরো একটা করে দিন রাখা হলেও তাতে লক্ষ্য অর্জিত হয়নি।
তিনি বলেন সিরীয় সরকার অর্ন্তবর্তী প্রশাসন নিয়ে কথা বলতে আবার অস্বীকৃতি জানিয়েছেন।
পুরো নির্বাহী ক্ষমতা দিয়ে একটা অর্ন্তবর্তী প্রশাসনের কাঠামো তৈরি করার ব্যাপারে দু পক্ষের মধ্যে মতানৈক্য রয়েছে এবং আলোচনায় অচলাবস্থার এটাই মূল কারণ।
তবে ব্রাহিমি বলেছেন ভবিষ্যতে এই আলোচনা অব্যাহত থাকবে বলেই তার আশা ।
বহু প্রতীক্ষিত এই আলোচনায় ব্যর্থতার জন্য এই মূহুর্তে সিরীয় জনগণের কাছে ব্রাহিমি ক্ষমা চেয়েছেন।
সিরিয়ায় ২০১১-র মার্চ মাসে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত দশ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
সমঝোতা ছাড়াই সিরিয়া শান্তি আলোচনা শেষ
সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা কোনো ধরনের অগ্রগতি ছাড়াই ভেঙে গেছে। জেনেভায় শনিবার বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই আলোচনা শেষ হয়ে যায়। দ্বিতীয় দফার আলোচনা চলে মাত্র ২৭ মিনিট।





