গোলান হাইটসে ইসরাইলী সেনাবাহিনীর হাতে ৫০ জনেরও বেশি সিরীয় আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গোলান হাইটসে একটি উইন্ড ফার্ম প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে ইসরাইল। এর বিরুদ্ধে বিক্ষোভ করে সিরীয়রা। বিক্ষোভের সময় তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ সময় দখলদার বাহিনী তাদের উপর হামলা চালায়। এতে অন্তত ৫০ জন সিরীয় আহত হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
সিরীয়রা বিশ্বাস করে, উইন্ড ফার্মটি প্রতিষ্ঠিত হলে তা ৩.৬ বর্গ কিলোমিটার আপেল ও চেরি চাষের ভূমি দখল করবে।
ড্রুজ নেতা শেখ মোওয়াফাক তারিফ ইসরাইলী মিডিয়াকে বলেছেন যে দীর্ঘ সময়ের নিপীড়নের প্রতিক্রিয়া হিসেবেই সিরীয়রা এ বিক্ষোভ করে এবং এটি সবারই প্রত্যাশা ছিল।
উল্লেখ্য, ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরাইল। এরপর ১৯৮১ সালে এটিকে নিজেদের ভূ-খণ্ডে সংযুক্ত করে নেয়। সূত্র : মিডল ইস্ট মনিটর।
এবিএস





