পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খবর ডন অনলাইনের।

প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে কেবল এতটুকু জানানো হয় যে, 'দেশের চলমান রাজনৈতিক সংকট মেটাতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত কাজ করা।'

বিভিন্ন সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের রাজনৈতিক অচলাবস্থা দ্রুত অবসানের ব্যাপারেই বেশি জোর দেয়া হয়েছে।

দেশটিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং ড. তাহির-উল-কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) পার্টি সরকার বিরোধী আন্দোলন করে আসছে প্রায় দু সপ্তাহ ধরে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন ইমরান খানের দলের সমর্থকেরা। সূত্র: ডন অনলাইন

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ