সন্ত্রাসের বিরুদ্ধে রোববার প্যারিসে আয়োজিত বিশ্বনেতাদের এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
প্যারিসের এ সমাবেশে সামনের সারিতে থাকা এ দু’নেতার মাঝখানে ছিলেন বিশ্বের আরো চার নেতা। তারা হলেন মালি’র প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
উল্লেখ্য, প্রায় চার বছর আগে অনুষ্ঠিত শান্তি আলোচনায় আব্বাস ও নেতানিয়াহু সর্বশেষ সরাসরি বৈঠক করেন। তবে রোববারের এ সমাবেশে যোগ দেয়া এ দু’নেতার কাছ থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার বিষয়ে কোন ঘোষণা প্রত্যাশা করা হয়নি।
এদিকে সমাবেশে কেবল ইসরাইল ফিলিস্তিনের নেতারাই নন আরো দুই বৈরি দেশের দু’নেতা অংশ নেন। তারা হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উভয় দেশই ইউক্রেনে সহিংসতায় লিপ্ত।
জেডআই





