মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের আহ্বান উপেক্ষা করে পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ জানিয়েছেন, তার রাজ্যে ভোট গণনা চলবে।
এর আগে অভিযোগ করা হয়েছিল যে, পেনসিলভানিয়ায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।
প্রচারণা দলের ডেপুটি ব্যবস্থাপক জাস্টিন ক্লার্ক বলেন, ডেমোক্র্যাটরা রিপাবলিকান ভোট বঞ্চিত করে সেগুলো কমিয়ে দেখানোর পরিকল্পনা করছে। তবে সেখানে ভোট জালিয়াতি কিংবা অনিয়মের কোন অভিযোগ পাওয়া যায়নি।
“গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব খাটানোর এমন চেষ্টা লজ্জাজনক,” বলেন ডেমোক্র্যাট গভর্নর টম উল্ফ।
“প্রত্যেক পেনসিলভানিয়াবাসীর ভোটের অধিকার রক্ষায় আমি লড়ে যাবো। প্রতিটি ভোট যাতে গণনা করা হয় তার জন্য আমার সাধ্যের সবটুকু চেষ্টা করবো।” খবর বিবিসি’র।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ভোট গণনা ও ফল ঘোষণা চলছে। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮ টি, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।
প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
এমবি





