সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি বিমান ঘাঁটি দখলে নিয়েছে আলোচিত 'ইসলামিক স্টেট' (আইএস) যোদ্ধারা। টানা কয়েকদিনের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে সরকারি বাহিনীর ১৭০ জন এবং আইএস-এর রয়েছে ৩৪৬ জন যোদ্ধা। এ ছাড়া আইএস-এর হাতে প্রায় ১৫০ জন সরকারি সেনা আটকা পড়েছে বলেও জানা গেছে।
গত মঙ্গলবার থেকে সরকারি বাহিনীর সঙ্গে টানা লড়াইয়ের পর গতকাল রবিবার ঘাঁটিটি দখলে নিতে সক্ষম হয় আইএস। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে এনডিটিভি। সিরিয়ান অবজারভেটরি যুদ্ধক্ষেত্র থেকে বিশ্বস্ত সূত্রের পাঠানো তথ্যের ভিত্তিতে এসব খবর আন্তর্জাতিক গণমাধ্যমে সরবরাহ করে থাকে।
তবে, সিরিয়ার সরকারি গণমাধ্যমগুলো দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, বিমান ঘাঁটির আশপাশের এলাকায় বিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে। সরকারি সেনারা পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ভয়াবহ এ সংঘর্ষ রবিবার শেষ হয়েছে। বিমান ঘাঁটির ভিতরে এখন আইএস-এর যোদ্ধারা অব্স্থান করছে। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘর্ষটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষগুলোর একটি বলে জানা গেছে।
ঘাঁটিটি দখল করার পর পার্শ্ববর্তী রাক্কা শহরের মসজিদের মাইক থেকে 'আল্লাহু আকবার' বলে বিজয়ের স্লোগান ঘোষণা করে আইএস-এর যোদ্ধারা। এ ছাড়া আকাশে ফাঁকা গুলি ছুঁড়েও তারা বিজয় উদযাপন করে। রাক্কার রাস্তার মোড়ে মোড়ে নিহত সরকারি সেনাদের মাথার মুণ্ডু খুঁটিতে ঝুলিয়ে প্রদর্শন করা হয়।
এদিকে, ঘাঁটিটির আশপাশে ফাঁদে ফেলে অন্তত ১৫০ জন সরকারি সেনাকে আটক করেছে আইএস। তাদেরকে বন্দী হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলীয় রাক্কা শহরটি আইএস-এর দখলে রয়েছে। মূলত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকাই সরকার বিরোধী বিভিন্ন গেরিলা গ্রুপের দখলে। বাকি মাত্র এক ভাগ এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে আলোচিত ইসলামিক স্টেট বা আইএস সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ও ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে। তারা সেখানে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। রবিবারের এ ঘাঁটিটিসহ সিরিয়ার সেনাদের দখলে থাকা মোট তিনটি সেনা ঘাঁটি দখল করে নিল আইএস। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





