লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছে। এতে ১১৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজদের মধ্যে থেকে অধিকাংশরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নৌকাটিতে পানি ঢুকে যাওয়ায় স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার দিকে লিবিয়ার রাজধানীর পূর্বপাশের উপকূলে নৌকাটি ডুবে যায়।
লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাসেম আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, ‘তাজৌরা এলাকায় নৌকাডুবিতে নিখোঁজদের খোঁজার জন্যে কোস্টগার্ড তল্লাশি চালালেও তারা কাউকে খুঁজে পেতে ব্যর্থ হয়।’ তিনি আরও জানান, এর আগে উদ্ধারকার্যে তারা ৬ জন মহিলাকে উদ্ধার করেন। উদ্ধার পাওয়া একজন ছিলেন বাংলাদেশের নাগরিক।
উল্লেখ্য, স্থলপথে ইউরোপে যাওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমলেও সাগরপথে তা অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ইউরোপের দেশগুলো সীমান্তে কড়াকড়ি আরোপ করায় পথ পরিবর্তন করে ইউরোপে পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকরা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
ইউএনএইচসিআর আরও জানায়, চলতি বছরের প্রথম দুই সপ্তাহে এক হাজারেরও বেশি মানুষ সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছেছে।
সূত্র : আল-জাজিরা
জেড





